যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৩ বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৬ এএম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন রাজনীতিক। নির্বাচনে জর্জিয়ায় শেখ রহমান, কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারে আবুল বি খান বিজয়ী হয়েছেন। অঙ্গরাজ্য পর্যায়ের আইনসভায় তাদের এই সাফল্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে।
নির্বাচনের ফল প্রকাশের পর বিজয়ীরা শুভেচ্ছা বিনিময় করছেন তাদের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। বাংলাদেশি বংশোদ্ভূত এই তিন রাজনীতিকের বিজয় প্রবাসী বাংলাদেশিদের জন্যও আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে আবারও নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী শেখ রহমান। কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে তিনি এই আসনের প্রতিনিধিত্ব করে আসছেন।
অন্যদিকে, কানেকটিকাটের স্টেট সিনেটের ৪ নম্বর আসনে পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী এমডি মাসুদুর রহমান। নির্বাচনে তিনি রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বী জেন জেনিংসকে পরাজিত করেছেন। চাঁদপুরের হাজীগঞ্জের সন্তান মাসুদুর রহমান ২০২২ সালে প্রথমবার স্টেট সিনেটর নির্বাচিত হন।
এদিকে, নিউ হ্যাম্পশায়ারের রকিংহাম ৩০ আসনে স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য পদে জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী আবুল বি খান। পিরোজপুরের সন্তান আবুল খান দীর্ঘদিন ধরে নিউ হ্যাম্পশায়ারের রাজনীতির সঙ্গে যুক্ত। এবারের নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে অঙ্গরাজ্যটির আইনসভায় তার প্রতিনিধিত্ব অব্যাহত থাকল।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এই তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকের বিজয় দেশটির অঙ্গরাজ্য পর্যায়ের রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বের ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করেছে।