নৌকাডুবিতে মৃত্যু, উদ্ধারের পর দেখা গেল ছেলেকে বুকে জড়িয়ে রেখেছেন মা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৯:৩১ পিএম
ভারতের মধ্যপ্রদেশের নর্মদা নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় হৃদয়বিদারক এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে নদী থেকে এক মা ও তার চার বছরের সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় দেখা যায়, মৃত্যুর শেষ মুহূর্তেও মা তার সন্তানকে শক্ত করে বুকে জড়িয়ে রেখেছিলেন। তবে শেষ রক্ষা হয়নি, দুজনের কেউই প্রাণে বাঁচতে পারেননি।
জানা গেছে, দিল্লি থেকে ঘুরতে আসা চার সদস্যের একটি পর্যটক পরিবারের অংশ ছিলেন তারা। দুর্ঘটনার সময় পরিবারের বাবা ও একটি মেয়ে কোনোভাবে প্রাণে বেঁচে গেলেও নদীর প্রবল স্রোতে হারিয়ে যান মা ও ছেলে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার সকাল পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো পাঁচ শিশুসহ মোট নয়জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে সৈয়দ রিয়াজের পরিবারের সদস্যরাও আছেন বলে জানা গেছে।
বেঁচে ফেরা পর্যটক সৈয়দ রিয়াজ হোসেন জানান, হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে প্রচণ্ড ঝড় শুরু হলে মুহূর্তের মধ্যেই নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যেতে থাকে। চোখের পলকে তার স্ত্রী, শাশুড়ি ও নাতি নিখোঁজ হয়ে যায়।
তিনি আরও জানান, নিজের বেঁচে ফেরা ঘটনাকে তিনি অলৌকিক মনে করছেন। প্রায় দুই ঘণ্টা তিনি পানির নিচে আটকে ছিলেন, শুধু নাকের অংশ পানির ওপরে ছিল। তার পাশ দিয়ে একের পর এক মরদেহ ভেসে যেতে দেখেন। পরে উদ্ধারকর্মীরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
নৌকার চালকের কাছে জীবনরক্ষাকারী জ্যাকেট থাকায় তিনি প্রাণে বেঁচে যান। বর্তমানে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর একাধিক দল নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে। তবে প্রবল স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।