যুদ্ধ শুরু হলে সমগ্র ইউরোপ ধ্বংস করে দেবে রাশিয়া: দিমিত্রি মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ইউরোপকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া ও জার্মানির মধ্যে যুদ্ধ শুরু হলে জার্মানির শিল্পখাত সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এবং ইউরোপীয় সভ্যতার অস্তিত্বও মারাত্মক হুমকিতে পড়বে।

নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮১তম বার্ষিকীর প্রাক্কালে একটি নিবন্ধে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি জার্মানির সামরিক প্রস্তুতি ও ইউরোপের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

মেদভেদেভ বলেন, পরিস্থিতি যদি চরম পর্যায়ে পৌঁছে যায়, তাহলে উভয় পক্ষের জন্যই ব্যাপক ধ্বংস অনিবার্য হয়ে উঠবে। এতে ইউরোপীয় সভ্যতার ইতিহাসের সমাপ্তিও ঘটতে পারে বলে তিনি সতর্ক করেন।

তিনি আরও দাবি করেন, জার্মানির গর্বের শিল্পখাত শুধু ক্ষতিগ্রস্ত হবে না, সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। তার ভাষায়, এমন পরিস্থিতিতে দেশটির অর্থনীতি ভেঙে পড়বে এবং তা থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না।

মেদভেদেভের মতে, তখন জার্মানির দক্ষ ও যোগ্য মানুষরা রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য এশীয় দেশে চলে যেতে বাধ্য হবে।

তিনি ইউরোপীয় ইউনিয়নের সামরিক নীতিরও কঠোর সমালোচনা করেন। তার অভিযোগ, পশ্চিমা দেশগুলো রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার চেষ্টা করছে এবং অভ্যন্তরীণ সমস্যা আড়াল করতে রাশিয়াকে শত্রু হিসেবে তুলে ধরছে।

মেদভেদেভ আরও বলেন, তাদের ওপর “শক্তির মাধ্যমে শান্তি” চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর জবাবে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপকে ভয় দেখানোর প্রয়োজন হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎজ গত বছর জার্মান সেনাবাহিনীকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী প্রচলিত বাহিনী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। এরপর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০৩৯ সালের মধ্যে বড় আকারের সামরিক শক্তি গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ করে।

ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কর্মকর্তা ২০২৯ সালকে সম্ভাব্য সংঘাত প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়সীমা হিসেবে উল্লেখ করেছেন।

এ প্রসঙ্গে মেদভেদেভ বলেন, আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান সম্ভব নয়। তার মতে, যদি কেউ রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালায়, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ।

এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। রাশিয়ার দাবি, সম্প্রতি ইউক্রেন শত শত ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে অনেকগুলো প্রতিহত করা হয়েছে।

চলমান পরিস্থিতিতে উভয় পক্ষ একাধিকবার যুদ্ধবিরতির ঘোষণা দিলেও বাস্তবে সংঘাত থামেনি। সীমান্ত এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

তথ্যসূত্র: আরটি ও মেহের নিউজ

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970