যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই, তবুও শান্তির পথে হাঁটতে প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:২৬ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে এবং সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে জনগণের মৌলিক অধিকার নিয়ে কোনো আপস করা হবে না।

সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই অবস্থান তুলে ধরেন। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ফোনালাপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলাপচারিতায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, অতীতে যখনই আলোচনার পরিবেশ তৈরি হয়েছে, তখনই ইরানের ওপর হামলা চালানো হয়েছে। এমনকি আলোচনার সময় দুই দফা হামলার ঘটনাকে তিনি বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করেন।

তবে একই সঙ্গে ইরান শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত বলেও জানান তিনি, যদিও যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস এখনো রয়ে গেছে।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে। এক পৃষ্ঠার এই খসড়া চুক্তিতে দুই দেশের প্রধান বিরোধের সমাধানের প্রাথমিক রূপরেখা থাকতে পারে।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে থাকা বিধিনিষেধও শিথিল করার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে দুই দেশের পারস্পরিক অবিশ্বাস কাটিয়ে কতটা বাস্তব অগ্রগতি সম্ভব হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970