ভারতে নতুন সেনাপ্রধান কে এই রাজা সুব্রামানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:২৫ এএম
ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ আগামী ৩০ মে শেষ হবে। তার পরেই নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এন এস রাজা সুব্রামানি।
বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি উপ-সেনাপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ সময় কাজ করেছেন তিনি।
১৯৮৫ সালের ডিসেম্বরে গারওয়াল রাইফেলস রেজিমেন্টের মাধ্যমে তার সামরিক জীবন শুরু হয়। চার দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি ভারতের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নেন। পরে যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সামরিক শিক্ষা প্রতিষ্ঠানেও তিনি প্রশিক্ষণ গ্রহণ করেন।
দীর্ঘ সামরিক ক্যারিয়ারে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদক অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।