ট্রেনে ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:৫৬ পিএম
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন শেষে রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের অভিযোগ ক্রমেই বাড়ছে। অভিযোগ উঠেছে, নির্বাচনের পর উগ্র আচরণের শিকার হচ্ছেন ভিন্ন মতাবলম্বী সাধারণ মানুষও। এমনই এক ঘটনায় ভাইরাল হয়েছেন পরোটা বিক্রেতা রাজু।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ট্রেনের ভেতরে রাজুকে টানা হেঁচড়া ও মারধর করা হচ্ছে। এ সময় তার জামাকাপড় ছিঁড়ে যায় এবং তিনি আতঙ্কিত অবস্থায় ছিলেন।
ভিডিওতে আরও দেখা যায়, পরে তাকে ট্রেন থেকে নামিয়ে জোর করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করা হয়। ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।
ভিডিওটি প্রথম প্রকাশ করেন শুভ কর্মকার নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারকারী। পরবর্তীতে একই অ্যাকাউন্ট থেকে আরও দুটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে রাজুকে ক্ষমা চাইতে দেখা যায়।
অভিযোগ অনুযায়ী, রাজুর বিরুদ্ধে বলা হয় তিনি মন্দিরের পাশে বসে মাংস খেয়েছেন এবং ‘জয় শ্রীরাম’ না বলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন।
নির্বাচনের আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, তাকে একটি রাজনৈতিক স্লোগান দিতে বলা হলে তিনি তা অস্বীকার করেন। পরে পাশ থেকে কেউ ‘জয় বাংলা’ বললে তিনি সেটিই পুনরাবৃত্তি করেন।
রাজু দাবি করেছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তবে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পছন্দ করেন বলে জানিয়েছেন।
ঘটনার পর থেকে তাকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ ট্রেনে মারধরের মাধ্যমে তাকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।