বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা, ৪৫ দিনের মধ্যে জমি পাবে বিএসএফ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৪:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করবে পশ্চিমবঙ্গ সরকার। এমন ঘোষণা দিয়েছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সময় দুপুর ১২টায় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠকের শুরুতেই সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য দ্রুত জমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। এ জন্য ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাজ্যের জনবিন্যাসে বড় পরিবর্তন এসেছে। তাই সীমান্ত নিরাপত্তা জোরদারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার সীমান্তে বিএসএফকে জমি না দেওয়ায় পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করেছিলেন। এবার ক্ষমতায় এসেই মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ বিষয়ে বড় সিদ্ধান্ত নিল বিজেপি সরকার।

গত শনিবার শপথ নেওয়ার পর পশ্চিমবঙ্গকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। এদিকে মন্ত্রিসভার বৈঠককে কেন্দ্র করে নবান্ন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো এলাকা পরিদর্শন করেন।

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজতে পুলিশের একটি দল উত্তর প্রদেশে অভিযান চালাচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970