এবার মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:২২ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক অভিযান পুনরায় শুরুর বিষয়ে মন্তব্য করার পর বুধবার এ সতর্কবার্তা দেয় তেহরান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। তবে প্রকাশ্যে তারা এমন কয়েকটি শর্তের কথা আবারও বলেছে, যেগুলো আগেই প্রত্যাখ্যান করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এসব শর্তের মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ সম্পদ ফেরত দেওয়া এবং অঞ্চল থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া।

সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি নতুন বোমা হামলার নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দিতে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। পরে মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, হামলার সিদ্ধান্ত নেওয়া থেকে তিনি মাত্র এক ঘণ্টা দূরে ছিলেন।

এর আগে বহুবার ইরান হুঁশিয়ারি দিয়েছে, নতুন কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা জবাব দেওয়া হবে। তবে এবার তারা ইঙ্গিত দিয়েছে, সম্ভাব্য পাল্টা হামলা অঞ্চলটির বাইরেও বিস্তৃত হতে পারে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের বিরুদ্ধে আগ্রাসন পুনরাবৃত্তি হলে প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে আরও বিস্তৃত হবে।

এদিকে জ্বালানির দাম বাড়তে থাকায় আসন্ন নভেম্বরের কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে চাপের মুখে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। এপ্রিলের শেষ দিকে যুদ্ধবিরতির পর থেকে ট্রাম্পের বক্তব্যে কখনও নতুন হামলার হুমকি, আবার কখনও শান্তিচুক্তির সম্ভাবনার কথা উঠে এসেছে।

মঙ্গলবার ট্রাম্প দাবি করেন, চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। গত মাসে অনুষ্ঠিত শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। হোয়াইট হাউস ব্রিফিংয়ে তিনি বলেন, আলোচনায় যুক্তরাষ্ট্র এখন ভালো অবস্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্রের অবস্থানের এমন পরিবর্তনে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। যদিও মে মাসের শুরু থেকেই তেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। বুধবার সকালে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১০ ডলারের সামান্য নিচে নেমে এলেও তা এখনও গত সপ্তাহের তুলনায় অনেক বেশি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970