রোমে একসঙ্গে গাছ লাগালেন নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:১৮ পিএম

ছবি: সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ ও টেকসই জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে ইতালির রাজধানী রোমে একসঙ্গে বৃক্ষরোপণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ভারতের ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার তারা একটি ব্ল্যাক মালবেরি বা কালো তুঁত গাছের চারা রোপণ করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ভারতে ‘কৃষ্ণ তুঁত’ নামে পরিচিত এই গাছ খাদ্য, ঔষধি ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। একইসঙ্গে এটি ভারত ও ইতালির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। পরিবেশ সচেতনতা বাড়ানো এবং টেকসই জীবনযাপনকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সফরকালে দ্বিপাক্ষিক বৈঠকের পর নরেন্দ্র মোদি বলেন, জর্জিয়া মেলোনির সঙ্গে তার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ভারত-ইতালি সম্পর্ক এগিয়ে নিতে মেলোনির ভূমিকারও প্রশংসা করেন তিনি। মোদি জানান, বাণিজ্য, মহাকাশ গবেষণা ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি এই অংশীদারিত্বকে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার কথাও জানান তিনি।

এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ভারত ও ইতালির অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই প্রাচীন সভ্যতার অভিজ্ঞতা, সৃজনশীলতা ও অর্থনৈতিক সক্ষমতার ভিত্তিতে এই সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দুই দেশের শীর্ষ নেতারা ২০২৫-২০২৯ সালের যৌথ কৌশলগত কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করেছেন। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা ও সংস্কৃতি খাতে সহযোগিতা আরও জোরদারের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এই কর্মপরিকল্পনা নিয়মিত তদারকির জন্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে স্থায়ী ব্যবস্থাও চালু করা হবে।

সূত্র: এনডিটিভি

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970