সমকামিতা নিয়ে পশ্চিমা দেশগুলোর সমালোচনার পর বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১১:৫১ পিএম
সমকামিতা ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সমালোচনার কয়েক ঘণ্টার মধ্যেই সেনেগালের প্রধানমন্ত্রী ওসমান সোনকোকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে। একই সঙ্গে সরকারও ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার এক আকস্মিক অধ্যাদেশের মাধ্যমে রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেওয়া হয়।
দেশটিতে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিম আফ্রিকার ঋণসংকটে থাকা দেশ সেনেগালে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্প্রতি সমকামিতার অপরাধে শাস্তি আরও কঠোর করার একটি আইন পাস হয় সেনেগালে। এরপর পশ্চিমা বিশ্বের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী ওসমান সোনকো বলেন, পশ্চিমা দেশগুলো অন্য রাষ্ট্রগুলোর ওপর সমকামিতা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করার চেষ্টা করছে।
ফ্রান্সসহ কয়েকটি দেশের সমালোচনার প্রসঙ্গ টেনে সোনকো বলেন, “তারা যদি এই পথ বেছে নেয়, সেটি তাদের বিষয়। এ বিষয়ে আমাদের কোনো শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই।”
তাঁর এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্টের কার্যালয় থেকে বরখাস্তের ঘোষণা আসে। প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা ওমর সাম্বা অধ্যাদেশ পড়ে শোনান এবং জানান, প্রধানমন্ত্রীকে অপসারণের ফলে সরকারের অন্য মন্ত্রীরাও পদত্যাগ করেছেন।
তবে এখন পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।