মোদির ঝালমুড়ি খাওয়া দোকানে নিরাপত্তা জোরদার, ৪ পুলিশ মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:০৬ এএম
ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণার সময় এক ঝালমুড়ির দোকানে গিয়ে ঝালমুড়ি খেয়ে আলোচনায় আসেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ঘটনার পর থেকেই ব্যাপক পরিচিতি পান দোকান মালিক বিক্রম কুমার সাও।
তবে পরিচিতির পাশাপাশি তিনি নানা ধরনের হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বিক্রম কুমার সাও দাবি করেছেন, তিনি ফোন ও বার্তার মাধ্যমে নিয়মিত হত্যার হুমকি পাচ্ছেন। এসব হুমকির উৎস হিসেবে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের পরিচয় দেওয়া কিছু ব্যক্তিকে দায়ী করেছেন।
এ পরিস্থিতিতে তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঝারগ্রামের ওই ঝালমুড়ির দোকানের সামনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর চারজন সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন পুরো বিষয়টি নজরদারিতে রেখেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, হুমকির অভিযোগে বিক্রম কুমার সাও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ঝারগ্রাম টাউন এলাকার রাজ কলেজ মোড়ের ওই ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি খান নরেন্দ্র মোদি। এরপর থেকেই দোকানটি এবং এর মালিক দেশজুড়ে আলোচনায় আসে।
ঝারগ্রাম থানার এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং সেই কারণেই দোকান মালিকের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।