২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম
বিশ্বের বিভিন্ন দেশে ২০২৫ সালে সংঘটিত বেসামরিক প্রাণহানির বড় একটি অংশের জন্য ইসরায়েলি সামরিক অভিযানকে দায়ী করেছে ‘এক্সপ্লোসিভ উইপনস মনিটর’। সংস্থাটির প্রকাশিত সর্বশেষ তথ্যে বলা হয়েছে, বছরের মধ্যে ৬৫টি দেশে বিস্ফোরক অস্ত্রের ব্যবহারে মোট ২২ হাজার ৬০০ বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে, যার ৫৬ শতাংশের সঙ্গে ইসরায়েলি অভিযানের সংশ্লিষ্টতা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বেসামরিক মৃত্যুর সংখ্যা ২১ শতাংশ কমেছে। কয়েকটি অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর থাকায় এ হ্রাস দেখা গেলেও সামগ্রিক প্রাণহানির পরিমাণ এখনো উদ্বেগজনক বলে মন্তব্য করেছে সংস্থাটি।
এতে আরও বলা হয়, বিমান থেকে নিক্ষেপ করা অস্ত্রের হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এসব হামলায় শুধু সাধারণ মানুষই নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে কঙ্গো, ইথিওপিয়া, ইরান, ইরাক, লেবানন, মিয়ানমার, ফিলিস্তিন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন এবং ইয়েমেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অধিকাংশ হামলা বিভিন্ন দেশের সরকারি বাহিনীর মাধ্যমে পরিচালিত হয়েছে। পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার ঘটনাও ঘটেছে। এসব আক্রমণে স্কুল, হাসপাতাল ও মানবিক সহায়তা কেন্দ্রও লক্ষ্যবস্তু হয়েছে, যার ফলে সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়েছে।