বাংলাদেশের সীমান্তবর্তী প্রদেশে ভারতীয় বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:২২ পিএম
ভারতের আসাম রাজ্যের জোরহাট বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি ‘এএন-৩২’ পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচজন সেনাসদস্য নিহত হয়েছেন।
শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে নিয়মিত উড্ডয়ন (রুটিন সর্টি) শেষে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। অবতরণের মুহূর্তে উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। পরে ভারতীয় বিমানবাহিনী নিশ্চিত করে যে বিমানে থাকা পাঁচজন আরোহীর সবাই নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।
এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার ও প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। বিমানবাহিনী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও দুর্ঘটনার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে প্রশাসন।
উল্লেখ্য, অ্যান্টনভ এএন-৩২ একটি দুই ইঞ্জিনবিশিষ্ট সামরিক পরিবহন উড়োজাহাজ, যা দীর্ঘদিন ধরে ভারতীয় বিমানবাহিনীতে সৈন্য ও রসদ পরিবহনের কাজে ব্যবহৃত হয়ে আসছে। সোভিয়েত ইউনিয়নে ভারতের ভৌগোলিক ও কৌশলগত প্রয়োজন বিবেচনায় এটি তৈরি করা হয়েছিল। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে এই মডেলের প্রায় ১০০টি উড়োজাহাজ রয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস