১০ হাজার অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:২১ পিএম

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তার সরকারের আমলে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাজ্য বিধানসভায় দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে শনাক্ত হওয়া প্রায় ১০ হাজার অবৈধ অভিবাসীকে সীমান্ত পার করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এছাড়া বর্তমানে রাজ্যের ১২টি আটক কেন্দ্রে আরও প্রায় ১ হাজার ৮০০ জন অবস্থান করছেন।

তিনি বলেন, ভারতের বৈধ নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ধর্ম, সম্প্রদায় বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রকৃত নাগরিকদের অধিকার সুরক্ষিত রাখা হবে।

শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ অভিবাসীদের দীর্ঘদিন আটক রেখে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করার পরিবর্তে তাদের নিজ দেশে ফেরত পাঠানোই সরকারের নীতি। এতে সাশ্রয় হওয়া অর্থ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পে ব্যয় করা সম্ভব হবে।

মুখ্যমন্ত্রীর দাবি, সীমান্তবর্তী হিলি-হাকিমপুর এলাকা দিয়েও অনেক বাংলাদেশি অভিবাসী স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছেন। সীমান্তে বেড়া নির্মাণের জন্য ইতোমধ্যে বিএসএফের কাছে ১৪২ দশমিক ৭৯ একর জমি হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত মে মাসে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ থেকে আসা নথিপত্রবিহীন অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর অভিযান শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে।

সূত্র: দ্য ওয়্যার

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970