বাংলাদেশে ভারতের হাইকমিশনারকে মন্ত্রীর সমমর্যাদা দিল দিল্লি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে বিশেষ আনুষ্ঠানিক মর্যাদা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বুধবার অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক সভায় তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমপর্যায়ের মর্যাদা প্রদান করা হয়।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ মর্যাদা শুধুমাত্র দীনেশ ত্রিবেদীর ব্যক্তিগত ক্ষেত্রে প্রযোজ্য। রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক বিভিন্ন অনুষ্ঠানে অগ্রাধিকার নির্ধারণের সময় তিনি মন্ত্রীর সমমর্যাদা ভোগ করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্তের ফলে সরকারি অগ্রাধিকার তালিকায় কোনো স্থায়ী পরিবর্তন আনা হয়নি। এটি কোনো পদভিত্তিক বা স্থায়ী প্রোটোকল সংশোধন নয়; বরং নির্দিষ্ট একজন ব্যক্তিকে দেওয়া বিশেষ আনুষ্ঠানিক মর্যাদা।
কূটনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রোটোকলগত সুবিধা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে দীনেশ ত্রিবেদীর দায়িত্ব, ক্ষমতা কিংবা সাংবিধানিক অবস্থানে কোনো পরিবর্তন আসছে না।