রান্নাঘরে ২ মিনিটে ৫ বার সাপের ছোবল, অলৌকিকভাবে বাঁচলেন নারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম
ভারতের মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার ঝিল পিপারিয়া গ্রামের এক গৃহবধূ রান্নাঘরে কাজ করার সময় মাত্র দুই মিনিটের মধ্যে পাঁচবার বিষধর সাপের ছোবলের শিকার হলেও দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বেঁচে ফিরেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
জানা গেছে, গত ১৩ জুলাই দুপুরে রান্নাঘরে কাজ করছিলেন রাধা বাই। এ সময় রান্নার বাসনের পাশে লুকিয়ে থাকা প্রায় পাঁচ ফুট লম্বা একটি কালো বিষধর সাপ হঠাৎ তার ডান হাতের তালুতে ছোবল দেয়।
প্রথম ছোবলের পর আতঙ্কে হাত ঝাড়া দিলে সাপটি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। মাত্র দেড় থেকে দুই মিনিটের মধ্যে তার হাতে পরপর পাঁচবার ছোবল দেয়। বিষক্রিয়ায় তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।
পরিবারের সদস্যরা প্রথমে তাকে হাসপাতালে না নিয়ে গ্রামের এক ওঝার কাছে নিয়ে যান। তবে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ায় ওঝা পরিস্থিতি সামাল দিতে না পেরে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
পরে পিপারিয়া সিভিল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে সংকটাপন্ন অবস্থায় পান। তখন তার চোখ বন্ধ ছিল এবং তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে অ্যান্টি-স্নেক ভেনম প্রয়োগ শুরু করেন।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, প্রথম ৪০ মিনিটে তাকে ১০টি অ্যান্টি-স্নেক ভেনম ইনজেকশন দেওয়া হয়। পরবর্তী ২৪ ঘণ্টায় মোট ৩৫টি ইনজেকশন প্রয়োগ করা হয়। বিষের তীব্র প্রতিক্রিয়ায় হাতের একটি আঙুল ফুলে সংক্রমিত হলে পরে জেলা হাসপাতালে অস্ত্রোপচার করা হয়।
প্রায় ২০ দিনের চিকিৎসা শেষে রাধা বাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে দিনমজুর স্বামীর পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। তাই ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন সরকারি সহায়তার প্রত্যাশা করছে।