ওমরাহ ভিসা থাকলেই সৌদি যাওয়া যাবে না, মানতে হবে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:২৬ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবের একাধিকবার প্রবেশের সুবিধাযুক্ত ওমরাহ ভিসা ৩৬৫ দিন বৈধ থাকলেও এই ভিসা থাকলেই ইচ্ছামতো দেশটিতে প্রবেশ করা যাবে না। প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

রোববার (১৬ আগস্ট) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয় জানিয়েছে, একাধিকবার প্রবেশের সুবিধাযুক্ত ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। একই সঙ্গে দেশটিতে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করতে হবে।

জুলাইয়ে চালু হওয়া এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এ সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে পুরো ভিসার মেয়াদে দেশটিতে অবস্থানের মোট সময় সর্বোচ্চ ৯০ দিন নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য, নতুন ব্যবস্থার উদ্দেশ্য মুসল্লিদের ওমরাহ পালনের সময়সূচি নির্ধারণে আরও সুবিধা দেওয়া। তবে ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিবার সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে নির্ধারিত শর্তগুলো পূরণ করতে হবে।

প্রতিটি সফরের জন্য নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে নতুন করে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমা অতিক্রম করতে পারবে না।

এ ছাড়া প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপ থেকে ওমরাহ পারমিট নিতে হবে। পারমিটে উল্লেখ করা তারিখ সার্ভিস প্যাকেজে নির্ধারিত তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। পাশাপাশি সৌদি আরবে প্রবেশ ও ভ্রমণের জন্য ভিসাধারীদের অন্যান্য সব যোগ্যতা ও নিয়মও পূরণ করতে হবে।

প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রে নুসুকে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনার মাধ্যমে প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর ভিসার আবেদনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সৌদি আরবে যাওয়ার আগে ভ্রমণকারীর যোগ্যতাও যাচাই করা হবে।

সৌদি আরবে পৌঁছানোর পর প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। পরে দেশ ছাড়ার তথ্যও হালনাগাদ করা হবে। এর মাধ্যমে একজন ভিসাধারী ৯০ দিনের সম্মিলিত অনুমোদিত অবস্থান থেকে কত দিন ব্যবহার করেছেন এবং কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা হবে।

অর্থাৎ, এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা হাতে থাকলেই পরবর্তী সফরে সরাসরি সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকছে না। প্রতিবার ওমরাহ পালনের পরিকল্পনা করলে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়ার প্রক্রিয়া নতুন করে সম্পন্ন করতে হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970