একসঙ্গে ৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার নিজেই হারালেন চাকরি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম
জুম কলে একসঙ্গে ৯০০ কর্মীকে চাকরিচ্যুত করে বিশ্বজুড়ে আলোচনায় আসা ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিশাল গার্গ এবার নিজেই চাকরি হারিয়েছেন। বহুল আলোচিত সেই ছাঁটাইয়ের প্রায় পাঁচ বছর পর নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকেই বিদায় নিতে হলো তাকে।
গত ৩ আগস্ট অনলাইন বন্ধকী ঋণদাতা প্রতিষ্ঠান বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে বিশাল গার্গকে সরিয়ে দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন হেজ ফান্ড ব্যবস্থাপক ড্যানিয়েল লুইস। গার্গের বিদায়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে চাকরি হারিয়ে চুপ করে নেই গার্গ। তার দাবি, কৌশলে তাকে সরিয়ে দিয়ে পরিচালনা পর্ষদের আস্থা অর্জন করেছেন ড্যানিয়েল লুইস। গার্গের ভাষ্য অনুযায়ী, প্রায় ছয় মাস আগে লুইস তার সঙ্গে যোগাযোগ করে প্রতিষ্ঠানটির ব্যয় কমানো এবং লাভজনক করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন।
এরপর গত ২৭ জুলাই লুইসকে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য করা হয়। মাত্র এক সপ্তাহের মধ্যে তিনি অন্য পরিচালকদের গার্গকে প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে রাজি করান বলে দাবি করেছেন গার্গ।
গার্গ বলেন, তার ধারণা, লুইস সবসময়ই প্রধান নির্বাহী কর্মকর্তা হতে চেয়েছিলেন। তার মতে, পরিচালনা পর্ষদ ভুল সিদ্ধান্ত নিয়েছে।
নিজের পদ ফিরে পেতে আইনি পদক্ষেপও নিয়েছেন গার্গ। তিনি প্রভাবশালী আইনজীবী অ্যালেক্স সাপিরোকে নিয়োগ করেছেন। পরিচালনা পর্ষদের কাছে পাঠানো চিঠিতে গার্গকে আবার প্রধান নির্বাহী কর্মকর্তার পদে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
গার্গ আরও বলেন, তিনি গত ১০ বছর ধরে প্রতিষ্ঠানটি পরিচালনা করেছেন। কিছু ক্ষেত্রে বাস্তবায়ন নিখুঁত না হলেও বেটার ও হোমের ভবিষ্যৎ নিয়ে তিনি এখনও আশাবাদী।
২০২১ সালের ডিসেম্বরে বেটারের প্রায় ৯০০ কর্মীকে একটি জুম কলে চাকরিচ্যুত করেন গার্গ। ওই সময় তারা প্রতিষ্ঠানটির মোট কর্মীসংখ্যার প্রায় ৯ শতাংশ ছিলেন।
সেই গণছাঁটাইয়ের পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন গার্গ। কর্মীদের চাকরিচ্যুত করার কারণ হিসেবে তিনি বাজারের দক্ষতা, কর্মদক্ষতা ও উৎপাদনশীলতার বিষয়টি তুলে ধরেছিলেন। চাকরিচ্যুতদের মধ্যে প্রতিষ্ঠানের পুরো বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি দলও ছিল।
প্রায় পাঁচ বছর আগে ৯০০ কর্মীকে একসঙ্গে চাকরিচ্যুত করে যে সিইও বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন, এবার সেই বহুল আলোচিত বিশাল গার্গকেই নিজের প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে বিদায় নিতে হলো।