ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:১৬ এএম

ছবি: সংগৃহীত

আফগান বংশোদ্ভূত আয়েশা ওয়াহাব মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। ইসরাইলপন্থি প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজকে হারিয়ে ঐতিহাসিক এই জয় পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে প্রতিনিধি পরিষদে নির্বাচিত প্রথম আফগান-আমেরিকান হিসেবে ইতিহাস গড়েছেন আয়েশা।

সাবেক মার্কিন প্রতিনিধি এরিক সোয়ালওয়েল যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করার পর ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের শূন্য আসন পূরণে বিশেষ রানঅফ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার রাতে ঘোষিত ফলাফলে আয়েশার বিজয় নিশ্চিত হয়। খবর আনাদোলু এজেন্সির।

শতভাগ ব্যালট গণনা শেষে দেখা যায়, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আয়েশা ওয়াহাব ৫৩.১ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী একই দলের মেলিসা হার্নান্দেজ পেয়েছেন ৪৬.৯ শতাংশ ভোট।

এর আগে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম ও প্রথম আফগান-আমেরিকান সদস্য হওয়ার নজিরও রয়েছে আয়েশার। এবার প্রগতিশীল ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম নিয়ে কংগ্রেস নির্বাচনে অংশ নেন তিনি। প্রচারণায় ফিলিস্তিনের প্রতি তার সমর্থনের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।

অন্যদিকে মেলিসা হার্নান্দেজ ইসরাইলপন্থি অবস্থান নিয়ে প্রচারণা চালান। মার্কিন ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি থেকে তিনি প্রচারণায় বড় অঙ্কের আর্থিক সহায়তা পান।

পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই থেকে দুই প্রার্থীর প্রচারণায় মোট প্রায় ৪০ লাখ ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে প্রায় ৩৭ লাখ ডলারই হার্নান্দেজের পক্ষে ব্যয় করা হয়। শুধু মার্কিন ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির কাছ থেকেই তার প্রচার তহবিলে প্রায় ৩০ লাখ ডলার এসেছে।

বিজয়ের পর আয়েশা ওয়াহাব বলেন, বাইরে থেকে বিপুল অর্থপ্রবাহ, ভুয়া তথ্য ও মিথ্যা বিবরণী ছড়ানো হলেও নির্বাচনি এলাকার সাধারণ মানুষ সত্যকে চিনতে পেরেছেন এবং তাকে ভোট দিয়েছেন। এ জন্য নিজের এলাকার মানুষের প্রতি তিনি গর্বিত বলেও জানান।

তবে পরাজয়ের পরও আগামী নভেম্বরের নির্বাচনে জয়ের আশা ছাড়েননি মেলিসা হার্নান্দেজ। তিনি বলেন, ১৪তম ডিস্ট্রিক্টের পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ী নতুন করে প্রায় ২৬ হাজার ভোটার যুক্ত হচ্ছেন। আগে তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করা ডাবলিন সিটির ভোটারদের সমর্থন আবারও পাওয়ার আশা করছেন তিনি। এতে ভোটের ব্যবধান কমিয়ে জয় পাওয়া সম্ভব বলে মনে করছেন হার্নান্দেজ।

মধ্যবর্তী মেয়াদের সাধারণ নির্বাচনে আগামী ৩ নভেম্বর আয়েশা ওয়াহাব ও মেলিসা হার্নান্দেজের মধ্যে আবারও প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970