ট্রাম্পের বৈঠকের প্রস্তাবে সাড়া নেই কিমের, ছোড়া হলো ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:২৩ এএম
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে চলতি বছরের শেষ দিকে আবারও বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকার পরও ট্রাম্পের এই প্রস্তাবে পিয়ংইয়ং থেকে তেমন ইতিবাচক সাড়া মেলেনি।
শুক্রবার (২১ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার পথ তৈরি করতে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার পরিসর কমিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের শেষ দিকে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনে অংশ নেওয়ার সময় কিম জং উনের সঙ্গে বৈঠক করার সুযোগ তৈরি করতে চান ট্রাম্প।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, কোনো পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ওয়াশিংটন। তবে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্য থেকে যুক্তরাষ্ট্র সরে আসেনি।
অন্যদিকে কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং জানিয়েছেন, দুই দেশের নেতার ব্যক্তিগত সুসম্পর্ককে উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা কিংবা সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে কোনো ছাড় দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হবে না।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের গবেষক জেনি টাউনের মতে, মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তন না আসা, উত্তর কোরিয়াকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং দেশটিকে শত্রুভাবাপন্ন রাষ্ট্র হিসেবে বিবেচনার অবস্থান থেকে সরে না আসা পর্যন্ত এ ধরনের আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম।
তিনি আরও বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে উত্তর কোরিয়ার বাণিজ্যিক সম্পর্ক বাড়ায় অর্থনৈতিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দেশটির যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা আগের তুলনায় অনেক কমেছে।
এদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অনুশীলনের প্রতিবাদে বৃহস্পতিবার উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূল থেকে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের গবেষক হং মিন মনে করেন, উত্তর কোরিয়ার এই সামরিক প্রতিক্রিয়ার মাধ্যমে আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করা হয়নি। বরং নিজেদের শর্তে যুক্তরাষ্ট্রকে আলোচনায় আরও নমনীয় করার কৌশল হিসেবেই পিয়ংইয়ং এমন পদক্ষেপ নিয়েছে।
সূত্র: রয়টার্স