আটকের পর প্রথমবার প্রকাশ্যে মাদুরোর ছবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:২১ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আটকের পর প্রথমবারের মতো ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দুটি ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে তাকে যুক্তরাষ্ট্রের একটি আটক কেন্দ্রে ধূসর রঙের ট্র্যাকস্যুট পরা অবস্থায় দেখা গেছে। একটি ছবিতে তিনি হাত দিয়ে শান্তির চিহ্ন দেখিয়েছেন। আটক হওয়ার পর তার ওজনও অনেকটা কমে গেছে বলে ছবিতে মনে হচ্ছে।

জানুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন বিশেষ বাহিনী ধরে নিয়ে যায়। পরে তাদের বিমানে করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। বর্তমানে তারা নিউইয়র্কের ব্রুকলিনের একটি আটক কেন্দ্রে রয়েছেন। মাদক পাচার ও অস্ত্র রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। তবে মাদুরো ও তার স্ত্রী এসব অভিযোগ অস্বীকার করেছেন।

ছবি দুটি প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও টেলিগ্রামে স্প্যানিশ ভাষায় একটি বার্তা দেন মাদুরো। সেখানে তিনি তার সন্তান, নাতি-নাতনি এবং তাদের ভালোবাসেন এমন মানুষদের উদ্দেশে ছবিগুলোকে ছোট্ট উপহার হিসেবে উল্লেখ করেন।

মাদুরো বলেন, তারা দৃঢ় অবস্থানে রয়েছেন এবং স্বজন ও সমর্থকদের ভালোবাসায় তাদের হৃদয় পূর্ণ। তিনি আরও জানান, তারা শক্ত, শান্ত ও আত্মবিশ্বাসী থাকবেন এবং ভেনেজুয়েলা আবার ঘুরে দাঁড়াবে।

রোববার ছবিগুলো প্রকাশ করা হলেও ছবিতে থাকা সময়ের তথ্য অনুযায়ী, এগুলো ২৫ জুন তোলা হয়েছিল। এর এক দিন আগে ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে ৬ হাজার ৫০০-র বেশি মানুষের মৃত্যু এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ছবিগুলো সত্যিকারের কি না এবং এগুলো প্রকাশের অনুমতি ছিল কি না, তা জানতে আটক কেন্দ্রটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো উত্তর পাওয়া যায়নি।

এদিকে মাদুরোর এই বার্তা এমন সময় প্রকাশ্যে এলো, যখন তার উত্তরসূরি ও অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের একটি ‘ঐতিহাসিক’ তেল চুক্তি ঘোষণার দুই দিন পর। ওই চুক্তির আওতায় ভেনেজুয়েলার তেলক্ষেত্রে কাজ করার সুযোগ পাবে যুক্তরাষ্ট্র।

আটক কেন্দ্রে মাদুরোর সংবাদপত্র বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। তবে পরিবার ও আইনজীবীদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি রয়েছে তার। মাদুরোর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তিনি মাসে প্রায় ৩০০ মিনিট ফোনে কথা বলার সুযোগ পান। তবে প্রতিটি ফোনকলে সর্বোচ্চ ১৫ মিনিট কথা বলতে পারেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970