নৈশভোজে মুরগির মাংস বেশি খাওয়ায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম
নৈশভোজে মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে তর্কের জেরে ভারতের কর্ণাটকের বেলাগাভি জেলায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে।
নিহত সীতারাম উত্তর প্রদেশের পিলিভিত জেলার কবিরগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি মুদালাগি এলাকার প্রিয়া স্টিল কোম্পানিতে কাজ করতেন। চাকরির কারণে তিনি মুদালাগির হুনাশ্যাল পিজি গ্রামে থাকতেন। অভিযুক্ত অরুণ কুমারও একই গ্রামের বাসিন্দা এবং একই প্রতিষ্ঠানে কাজ করতেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সীতারাম ও অরুণ কুমার একসঙ্গে নৈশভোজের আয়োজন করেছিলেন। খাবারের সময় কে তুলনামূলক বেশি মুরগির মাংসের টুকরা খেয়েছেন, তা নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে সেই তর্ক উত্তপ্ত বাগ্বিতণ্ডায় রূপ নেয়।
অভিযোগ রয়েছে, এ সময় অরুণ কুমার একটি ছুরি দিয়ে সীতারামের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সীতারামকে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে ঘটনা আড়াল করতে অরুণ কুমার হাসপাতালে চিকিৎসকদের কাছে দাবি করেন, একটি ভবন থেকে পড়ে গিয়ে সীতারাম আহত হয়েছেন। তবে তার বক্তব্যে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে অরুণ কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অরুণ কুমার সীতারামকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় সীতারামের মৃত্যু হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া