মিশরের দক্ষিণ সিনাইয়ে বাস উল্টে নিহত ২২, আহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ এএম

ছবি: সংগৃহীত

মিশরের দক্ষিণ সিনাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে দাহাব-নুয়াইবা সড়কের আল-সাদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।

আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জন শারম এল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে, ৯ জন সেন্ট ক্যাথরিন হাসপাতালে এবং ৬ জন আল-ফাইরুজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দক্ষিণ সিনাই গভর্নরেটের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে মিশরীয় ও জর্ডানের নাগরিকরা ছিলেন। বাসটি রাজধানী কায়রো থেকে নুয়াইবা বন্দরের দিকে যাচ্ছিল। সেখান থেকে যাত্রীদের সমুদ্রপথে জর্ডানের আকাবা হয়ে আম্মানে যাওয়ার কথা ছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটি কায়রো-আম্মান রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী পরিবহন। এটি কোনো পর্যটক দল বা পর্যটন ভ্রমণের জন্য ব্যবহৃত বাস ছিল না।

এর আগে জর্ডানের কয়েকটি গণমাধ্যম ও স্থানীয় সূত্র জানিয়েছিল, নিহতদের মধ্যে ১০ জন জর্ডানের নাগরিক ও একটি শিশু রয়েছে। তবে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতিতে নিহতদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ২৫টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। উদ্ধারকারীরা দ্রুত আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। নিহতদের মরদেহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে রাখা হয়েছে।

দুর্ঘটনার পর মিশরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার আশপাশের হাসপাতালগুলোতে জরুরি প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও রক্তের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970