নেপালের সুড়ঙ্গ থেকে ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

ছবি: সংগৃহীত

নেপালের আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে আটকে থাকার ১০ দিন পর লুহাইতাও নামে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেট এ তথ্য জানিয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকর্মীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্ধারকারী দল সুড়ঙ্গের প্রায় ২২৫ মিটার ভেতর থেকে লুহাইতাওকে জীবিত অবস্থায় উদ্ধার করে বাইরে নিয়ে আসে। উদ্ধারের পর তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে প্রকল্প এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার নেপালি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক লুহাইতাওকে জীবিত উদ্ধার করেছে যৌথ উদ্ধারকারী দল। সুড়ঙ্গের প্রায় ২২৫ মিটার ভেতরে আটকে ছিলেন তিনি।

এদিকে পৃথক আরেকটি ঘটনায় নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী নুয়াকোটের বেত্রাবতিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া চারতলা একটি বাড়ির ওপরের তলা থেকে ৬০ বছর বয়সী চণ্ডিকা শ্রেষ্ঠাকে উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, সশস্ত্র পুলিশ পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা চণ্ডিকা শ্রেষ্ঠাকে জীবিত উদ্ধার করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970