ইরাকে একজন মার্কিন সেনাকেও নিরাপদে থাকতে দেব না: নুজাবা নেতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম
ইরাকে আগামী ৩০ সেপ্টেম্বরের পরও কোনো মার্কিন সেনা অবস্থান করলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নুজাবা মুভমেন্টের মহাসচিব আকরাম আল-কাআবি।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আকরাম আল-কাআবি বলেছেন, বিদেশি সেনা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা সামনে রেখে ইরাকের প্রতিরোধ বাহিনী পুরোপুরি প্রস্তুত। ৩০ সেপ্টেম্বরের পর ইরাকের মাটিতে একজন মার্কিন সেনাও থেকে গেলে তাকে নিরাপদে থাকতে দেওয়া হবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে নুজাবা মুভমেন্টের এই নেতা বলেন, ট্রাম্প একজন বিভ্রান্ত ও বোকা মানুষ। তিনি ইরাকে কোনো বিজয় অর্জন করতে পারবেন না। এর আগে ইরানেও তিনি বিজয় অর্জনে ব্যর্থ হয়েছেন।
সম্প্রতি ইরানের হামলার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট নির্ধারিত বিমানে না গিয়ে অন্য বিমানে পালিয়ে যাওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে আল-কাআবি বলেন, ইরান যদি মার্কিন প্রেসিডেন্টকে ভয় পাইয়ে ফ্রিজের মধ্যে পালিয়ে যেতে বাধ্য করে, তাহলে ইরাক শিগগিরই তাকে আরও বড় ধরনের ধাক্কা দেবে।
নুজাবা মুভমেন্টের মহাসচিব বলেন, ট্রাম্পের জানা উচিত, ৩০ সেপ্টেম্বর—অর্থাৎ ইরাকের মাটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের নির্ধারিত তারিখের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং পুরোপুরি প্রস্তুত রয়েছেন।
তিনি বলেন, দখলদার বাহিনী যদি ইরাক থেকে সম্পূর্ণ প্রত্যাহারের প্রতিশ্রুতি থেকে সরে যায়, তাহলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ শুরু করা হবে।
আল-কাআবি আরও অভিযোগ করেন, ট্রাম্প একজন পেশাদার মিথ্যাবাদী এবং তিনি কেবল প্রচারণা ও গণমাধ্যমে বিজয়ের দাবি করতে চান। তবে নুজাবা মুভমেন্ট তাকে প্রকৃত কিংবা গণমাধ্যমনির্ভর কোনো বিজয়ই অর্জন করতে দেবে না।
সূত্র: পার্সটুডে