ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত মালয়েশিয়া, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সীমান্তবর্তী এলাকায় বন ও পিটভূমিতে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়ায় ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল। পরিস্থিতির অবনতি হওয়ায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সারাওয়াক রাজ্যের সেরিয়ান জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, সরকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়েছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সেরিয়ানে বায়ুমান সূচক ৫০০ ছাড়িয়ে যায়। মালয়েশিয়ার মানদণ্ড অনুযায়ী, এ মাত্রার দূষণ জরুরি অবস্থা জারির জন্য যথেষ্ট। দেশটিতে বায়ুদূষণ সূচক ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।

বোর্নিও দ্বীপের মালয়েশীয় অংশে অবস্থিত সারাওয়াক ইন্দোনেশিয়ার কালিমান্তান অঞ্চলে জ্বলতে থাকা বন ও পিটভূমির আগুনের ধোঁয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। ধোঁয়ার কারণে সেখানে বাতাসের মান দ্রুত অবনতি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে সারাওয়াকে তিন দিনব্যাপী কৃত্রিম বৃষ্টিপাতের কার্যক্রম শুরু করেছে মালয়েশিয়া। একই সঙ্গে বাঁধ ও জলাধারগুলোর পানির স্তর স্বাভাবিক রাখার লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃত্রিম বৃষ্টিপাতের ক্ষেত্রে বৃষ্টির উপযোগী মেঘে নির্দিষ্ট ধরনের কণা ছড়িয়ে দেওয়া হয়। এতে মেঘের ভেতর ঘনীভবন বাড়িয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়। দাবানল নিয়ন্ত্রণে একই পদ্ধতি ব্যবহার করছে ইন্দোনেশিয়াও।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বার্তন পাঞ্জাইতান জানান, ২৬ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে কৃত্রিম বৃষ্টিপাতের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল মাটি ও পিটভূমিতে আর্দ্রতা বাড়ানো, সক্রিয় আগুন নিয়ন্ত্রণে সহায়তা করা এবং নতুন করে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো।

তিনি আরও জানান, আবহাওয়া পরিবর্তন ও কৃত্রিম বৃষ্টিপাতের কার্যক্রম পরিচালনা এবং অগ্রাধিকারপ্রাপ্ত এলাকাগুলোতে সহায়তা দিতে ইন্দোনেশিয়া মোট ৩৪টি উড়োজাহাজ ব্যবহার করেছে।

দাবানলের ধোঁয়া সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি এখন শুধু ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ সমস্যা নয়। প্রতিবেশী মালয়েশিয়ার জনস্বাস্থ্য ও পরিবেশের ওপরও এর বড় ধরনের প্রভাব পড়ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970