শেষকৃত্যের ১৫ দিন পর ফোন, ‘আপনার ছেলে জীবিত’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
প্রিয়জনের মৃত্যুতে শোকাহত হয়ে শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর যদি জানা যায়, সেই ব্যক্তি আসলে জীবিত তাহলে বিষয়টি কতটা অবিশ্বাস্য হতে পারে, তা-ই যেন বাস্তবে দেখল ভারতের পাঞ্জাবের কাপুরথলার একটি পরিবার।
নিখোঁজ ছেলেকে মৃত ভেবে শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোন পেয়ে পরিবারটি জানতে পারে, তাদের ছেলে জীবিত আছেন এবং কারাগারে বন্দি রয়েছেন।
পরিবারের দাবি, রবি কুমার নামের ওই যুবক গত ৫ আগস্ট বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। তার বাবা ও ভাই নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
পরে ১১ আগস্ট পরিবারের পক্ষ থেকে কাপুরথলা সিটি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
এরই মধ্যে পুলিশ পরিবারকে জানায়, এক যুবকের দগ্ধ মরদেহ উদ্ধার হয়েছে। পরে পুলিশ ওই মরদেহের ছবি পরিবারকে দেখায়। কয়েক দিন পর পরিবারের সদস্যসহ অন্য কয়েকজন মরদেহটি রবি কুমারের বলে শনাক্ত করেন।
ছেলেকে মৃত মনে করে পরিবার ১৩ আগস্ট তার শেষকৃত্য সম্পন্ন করে। পরে তার আত্মার শান্তি কামনায় প্রার্থনাও করা হয়।
তবে ঘটনার মোড় ঘুরে যায় ২ সেপ্টেম্বর। কাপুরথলা কেন্দ্রীয় কারাগারের এক কর্মী ওই পরিবারকে ফোন করে জানান, রবি কুমার নামে এক ব্যক্তি সেখানে বন্দি রয়েছেন।
জানা গেছে, প্রায় এক মাস আগে জালন্ধর পুলিশ উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি সংক্রান্ত একটি মামলায় রবি কুমারকে গ্রেপ্তার করেছিল। পরে তাকে কাপুরথলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কারাগার থেকে পাওয়া ফোনে পরিবারের সদস্যরা কার্যত হতবাক হয়ে যান। বিষয়টি নিশ্চিত করতে পরদিন তারা কারাগারে যান। সেখানে গিয়ে রবি কুমারকে জীবিত অবস্থায় দেখতে পান তারা।
মৃত ভেবে যার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল, তাকে জীবিত ফিরে পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে নেমে আসে আনন্দের জোয়ার। তবে যে দগ্ধ মরদেহকে রবি কুমার হিসেবে শনাক্ত করে শেষকৃত্য করা হয়েছিল, সেটি আসলে কার এখন সেই প্রশ্নই সামনে এসেছে।
সূত্র: এনডিটিভি