সান ডিয়েগোর এয়ারপোর্টে বিমান দুর্ঘটনায় নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এএম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের মন্টগোমারি গিবস এক্সিকিউটিভ বিমানবন্দরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার ৭ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমানটি একটি ছোট সেসনা উড়োজাহাজ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি রানওয়েতে আছড়ে পড়ার পরপরই এতে ভয়াবহ আগুন ধরে যায়।
সান ডিয়েগো ফায়ার রেসকিউ বিভাগের প্রায় ৩০ জন কর্মী অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের জন্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনার সময় বিমানে থাকা দুই আরোহীই ঘটনাস্থলে প্রাণ হারান।
সান ডিয়েগো পুলিশ বিভাগ জানায়, বিকেল ৫টা ২১ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ কিয়ার্নি মেসার মন্টগোমারি গিবস এক্সিকিউটিভ বিমানবন্দরে পৌঁছায়। তবে দুর্ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত শুরু করবে বলে জানা গেছে।
এর মাত্র দুই দিন আগে ফ্রেসনোতে আরেকটি বিমান দুর্ঘটনায় চার আরোহীর সবাই নিহত হন। গত শনিবার সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে ওই দুর্ঘটনায় ফ্লাইট প্রশিক্ষক ডানা ইডি, তার স্বামী ক্রেইগ এবং তাদের দুই ছেলে পাভেল ও রেমাস প্রাণ হারান।
দুর্ঘটনার পর দমকলকর্মী, পুলিশ ও শেরিফের ডেপুটিরা ঘটনাস্থলে গিয়ে নদীর কাছের একটি উঁচু টিলায় বিমানের ধ্বংসাবশেষ দেখতে পান। এ সময় কাছের একটি পাহাড়ের ঢালজুড়ে আগুন জ্বলছিল। দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল একটি স্থির ডানাযুক্ত এক ইঞ্জিনের উড়োজাহাজ।