সৌদির তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
সৌদি আরবের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এসব হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত সাতটি বাড়ি ও দুটি যানবাহন।
সোমবার রাতের এসব হামলার পর মঙ্গলবার ভোরে সৌদি আরবের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়। আবহা, জেদ্দা, জাজান, তাইফ, ইয়ানবু ও আলুলাসহ পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরের বাসিন্দাদের সতর্ক করা হয়।
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুরকি আল মালকি অভিযোগ করেছেন, বেসামরিক মানুষ ও স্থাপনাকে পরিকল্পিতভাবে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে হুথি গোষ্ঠী। তাঁর দাবি, এ ধরনের হামলা হুথিদের সহিংস কর্মকাণ্ডেরই প্রতিফলন।
সৌদি ইয়েমেনি সামরিক জোট হুথিদের হামলা প্রতিহত করে দেশের নাগরিক ও বেসামরিক অবকাঠামো সুরক্ষায় কাজ করবে বলেও জানিয়েছেন তুরকি আল মালকি।
তবে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হুথি গোষ্ঠী। সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে রোববার এক দিনে ইয়েমেনে হুথিদের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রায় ৭০টি বিমান হামলা চালানোর কথা জানা যায়। এর প্রতিক্রিয়ায় পরদিন সৌদি আরবের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।