মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যা’ বলল হুতিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হুতিরা মক্কাকে লক্ষ্য করে একটি ড্রোন নিক্ষেপ করেছিল। তবে মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই সেটি ধ্বংস করা হয়।
সৌদি জোটের এই অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে হুতিরা। গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল আসাদ বলেন, মক্কায় হামলার দাবি একটি ঘৃণ্য মিথ্যা। এর আগেও এমন দাবি করা হয়েছে। তবে এখন এ ধরনের দাবি করে কাউকে আর বিভ্রান্ত করা সম্ভব নয়।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই হুতিরা মক্কাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল। এরপর গতকাল স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে আবারও একটি ড্রোন নিক্ষেপ করা হয়। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে জোটটি।
সৌদি জোটের ভাষ্য অনুযায়ী, মক্কায় ড্রোন হামলার চেষ্টা ছিল দ্বিতীয়বারের মতো সন্ত্রাসী হামলার প্রচেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার চেষ্টা করা হয়েছিল।
সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে সংঘাতের সূত্রপাত ২০১৪ সালে। ওই বছর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হলে মাত্র এক বছরের মধ্যে ২০১৫ সালে ইরানের সমর্থনপুষ্ট হুতি গোষ্ঠী দেশটির রাজধানী সানা দখল করে নেয়। এরপর তৎকালীন ইয়েমেনি প্রেসিডেন্ট মনসুর আবদ আল হাদি সৌদি আরবে পালিয়ে যান। তার নেতৃত্বাধীন সরকারকে পুনরায় ক্ষমতায় বসাতে ২০১৫ সাল থেকেই ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে যায় হুতিরা। এরপর প্রায় চার বছর পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল থাকলেও গত ১৩ জুলাই ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি বাহিনীর হামলার পর দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করে।
সূত্র: আল জাজিরা