ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে মরক্কো, রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে মরক্কো। দুই দেশের বর্তমান কূটনৈতিক মিশনগুলোকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করার পাশাপাশি রাষ্ট্রদূত নিয়োগের বিষয়েও সম্মত হয়েছে উভয় দেশ।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের আয়োজনে ইসরায়েল ও মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বোরিতা অংশ নেন।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে একমত হন তারা। পাশাপাশি বিনিয়োগ সুরক্ষা এবং দ্বৈত কর পরিহার সংক্রান্ত দুটি চুক্তি চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন মিশনের পক্ষ থেকে তিন দেশের হয়ে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, মরক্কো ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক, শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা উভয় দেশের পারস্পরিক স্বার্থের অনুকূল। একই সঙ্গে এটি শান্তির প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়তা করবে।
এ ছাড়া দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণের বিষয়েও সম্মত হয়েছে উভয় পক্ষ। এর আওতায় দুই দেশের বিমান সংস্থার পরিচালনায় সরাসরি ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আগামী মাসগুলোতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সফরের পরিকল্পনাও নিশ্চিত করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তার উদ্যোগে স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের ষষ্ঠ বার্ষিকীর ঠিক একদিন পর এই ঘোষণা এলো। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদান এবং কাজাখস্তান এই চুক্তির আওতায় এসেছে। চুক্তিটির মূল লক্ষ্য ছিল আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা।