শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, প্রতিক্রিয়ায় যা বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো ঘটনাপ্রবাহের দিকে নজর রাখছে নয়াদিল্লি এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার ১৮ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেলে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারতীয় সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। প্রকাশিত প্রতিবেদনগুলো ভারতের নজরে এসেছে এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছিলেন, শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনার পূর্ণাঙ্গ ফলাফল শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

এদিকে একই সংবাদ ব্রিফিংয়ে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়েও কথা বলেন রণধীর জয়সওয়াল। চুক্তিটির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।

চুক্তি নবায়ন নিয়ে আলোচনার অগ্রগতি জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পানি বণ্টন ও নদী সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশন রয়েছে। এ বিষয়ে দুই দেশের কারিগরি পর্যায়ের ধারাবাহিক বৈঠক এখনো চলমান রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970