ইন্দোনেশিয়ার নৌবহরে যুক্ত হলো প্রথম রণতরী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার নৌবহরে প্রথমবারের মতো যুক্ত হলো বিমানবাহী রণতরী। ইতালি থেকে পাওয়া ৪১ বছর পুরোনো ‘জিউসেপ্পে গারিভালদি’ নামের রণতরীটি শুক্রবার ১৮ সেপ্টেম্বর উত্তর জাকার্তার তানজুং প্রিয়ক বন্দরে নোঙর করে। পরে সামরিক অনুষ্ঠানের মাধ্যমে জাহাজটির আগমন উদযাপন করে ইন্দোনেশিয়া।

সপ্তম থেকে ত্রয়োদশ শতাব্দীর প্রভাবশালী সামুদ্রিক রাজ্য শ্রীবিজয়ার নাম অনুসারে রণতরীটির নতুন নাম রাখা হয়েছে ‘কেআরআই শ্রীবিজয়া’। ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে যুক্ত হওয়া ১৮০ মিটার দীর্ঘ এই রণতরীতে সর্বোচ্চ ১৮টি হেলিকপ্টার এবং ৮৩০ জন সদস্য অবস্থান করতে পারবেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানিয়েছেন, দ্বীপরাষ্ট্রটিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় রণতরীটি প্রধানত ব্যবহার করা হবে।

নৌবাহিনী প্রধান মুহাম্মদ আলি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা জাহাজটির প্রধান দায়িত্ব হলেও প্রয়োজন হলে যুদ্ধকালীন অভিযানেও এটি মোতায়েন করা সম্ভব। ১৯৮৫ সালে ইতালির নৌবাহিনীতে যুক্ত হওয়ার পর ২০১৪ সালে অবসরে যায় রণতরীটি। বর্তমানে এর অবস্থা যথেষ্ট ভালো বলে জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির আশা, আগামী ১৫ থেকে ২০ বছর এটি নৌবাহিনীতে সক্রিয় থাকবে।

চলতি বছর সামরিক সরঞ্জাম আধুনিকায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রাবোও সরকার। গত মার্চে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে ইতালি থেকে রণতরীটি পাওয়ার পাশাপাশি সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে ৪২টি রাফায়েল যুদ্ধবিমান কেনার বড় চুক্তিও করেছে ইন্দোনেশিয়া।

এ ছাড়া ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একাধিক নিরাপত্তা চুক্তি করেছে দেশটি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970