আ.লীগের ডোনারের জায়গা ভাড়া নেওয়া উচিত হয়নি সালমানের: রাশেদ খান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগের একজন ডোনারের কাছ থেকে বিতর্কিত জায়গা ভাড়া নেওয়া সালমান মুক্তাদিরের উচিত হয়নি।
রোববার, ২৭ সেপ্টেম্বর বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান নিউ গিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দীনকে কুখ্যাত ভূমিদস্যু ও আওয়ামী লীগের ডোনার হিসেবে উল্লেখ করেন। তার দাবি, সামরিক বাহিনীর কয়েকজন সাবেক কর্মকর্তার সঙ্গে নাজিম উদ্দীনের জমি নিয়ে বিরোধের জেরে তার অফিস মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢালাওভাবে বিএনপিকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নাজিম উদ্দীন জেলও খেটেছেন। আওয়ামী লীগের সময় প্রভাব খাটিয়ে সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের জমি দখলের পাশাপাশি সম্প্রতি নিউ গিনি প্রপার্টিজের চারপাশে অবৈধভাবে গেট নির্মাণ করে তাদের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগও করেন তিনি।
সালমান মুক্তাদিরের মতো পরিচিত কনটেন্ট ক্রিয়েটরের এমন ব্যক্তির কাছ থেকে বিতর্কিত জায়গা ভাড়া নেওয়া উচিত হয়নি বলেও মন্তব্য করেন রাশেদ খান। তার দাবি, নিউ গিনি প্রপার্টিজের মালিক শেল্টার পাওয়ার উদ্দেশ্যেই সালমান মুক্তাদিরের কাছে বিতর্কিত জায়গাটি ভাড়া দিয়েছেন।
এদিকে সালমান মুক্তাদির নিজেই জানিয়েছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি বলে উল্লেখ করেন রাশেদ খান। এমনকি নিউ গিনি প্রপার্টিজের মালিকও তার কাছে কেউ চাঁদা দাবি করেছে বলে অভিযোগ করেননি বলে দাবি করেন তিনি।
রাশেদ খানের ভাষ্য, সামরিক বাহিনীর কিছু সাবেক কর্মকর্তা জমি পুনরুদ্ধার করতে গিয়ে প্রক্রিয়াগত ও আইনগত ভুল করেছেন। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের দ্বারস্থ হওয়াই তাদের জন্য উপযুক্ত সমাধান ছিল বলে মন্তব্য করেন তিনি।
ঘটনার সঙ্গে বিএনপির নাম জড়ানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তার দাবি, দখলকারী কিংবা দখল পুনরুদ্ধারের সঙ্গে জড়িত কেউ বিএনপির না হলে দলটির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা রাজনৈতিকভাবে ক্ষতি করার উদ্দেশ্যেই করা হচ্ছে।
রাশেদ খান আরও বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং অভিযান চলমান রয়েছে। ঘটনার সঙ্গে সামনে বা পেছনে যারাই জড়িত থাকুক, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে দল হিসেবে বিএনপিকে এ ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।