যুক্তরাষ্ট্রজুড়ে হামের বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পিএম
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে হাম। চলতি বছরে এখন পর্যন্ত দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিসহ ৪৭টি অঙ্গরাজ্যে প্রায় ৩ হাজার ৯০০ জন হামে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বুধবার ৭ অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইতিহাসে হামের এমন ব্যাপক প্রাদুর্ভাব আগে দেখা যায়নি। গত সোমবার ৫ অক্টোবর নিউইয়র্কে নতুন করে ১০৯ জনের শরীরে হাম শনাক্ত হওয়ার পর অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন গভর্নর ক্যাথি হোকুল।
গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে পেনসিলভেনিয়ায়। চলতি সপ্তাহে অঙ্গরাজ্যটিতে হাম আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে।
পেনসিলভেনিয়ার কর্তৃপক্ষ এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে এই সংখ্যা নিয়ে আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের হিসাবে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র গত আগস্টে পেনসিলভেনিয়ায় হামে মৃত্যুর তথ্যকে ‘মনগড়া’ বলে দাবি করেন। একই সময়ে অতিসংক্রামক এই রোগে মৃত্যুর হিসাব করার পদ্ধতি পরিবর্তনের জন্য রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রকে নির্দেশ দেন তিনি।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের এক মুখপাত্র দ্য ইন্ডিপেনডেন্টকে জানান, দেশজুড়ে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। টেক্সাস, দক্ষিণ ক্যারোলিনা, ভার্জিনিয়া, ক্যানসাস, নিউ মেক্সিকো এবং উইসকনসিনে মহামারি মোকাবিলায় বিশেষ তদন্ত দল মোতায়েন করা হয়েছে।
প্রয়োজন হলে নিউইয়র্কেও মহামারি বিশেষজ্ঞসহ অন্যান্য বিশেষজ্ঞ পাঠানোর প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। এই রোগে আক্রান্ত হলে তীব্র জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি, সর্দি এবং চোখ লাল হয়ে পানি পড়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। সংক্রমণ জটিল আকার ধারণ করলে মস্তিষ্কে প্রদাহ, নিউমোনিয়া এমনকি মৃত্যুও হতে পারে।
আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে হাম দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির নিঃসৃত কণা বা ক্ষুদ্র জলকণা বাতাসে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। এসব কণা কোনো তলে আটকে থাকলেও সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে।
হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে এমএমআর টিকার দুটি ডোজ অত্যন্ত কার্যকর। এই টিকার দুটি ডোজ গ্রহণ করলে দীর্ঘমেয়াদে হামসহ এসব রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়।
আরও পড়ুন
কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব
স্ত্রীর ১০২ ডিগ্রি জ্বর, রাত ৪টায় পরোটা চাওয়ার কথা বলে সমালোচনায় মুকিত
স্বামীকে দাফনের এক ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি চিরনিদ্রায় দম্পতি