জাপানে তিন ঘণ্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ এএম

ছবি: সংগৃহীত

পূর্ব জাপানে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে উঠলেও কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।

বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোররাতে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। জাপান আবহাওয়া সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা কিয়োডো নিউজ জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ১৩ মিনিটে চিবা প্রিফেকচারের উত্তর পূর্বাঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়।

প্রাথমিক হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। জাপানের সাত স্তরবিশিষ্ট ভূকম্পন তীব্রতা স্কেলে চিবার আসাহি শহরে এর মাত্রা ছিল ৪। এতে পার্শ্ববর্তী ইবারাকি প্রিফেকচারসহ আশপাশের এলাকাগুলোও কেঁপে ওঠে।

এর প্রায় তিন ঘণ্টা পর সকাল ৭টা ১৪ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে ইবারাকি প্রিফেকচারে। আবহাওয়া সংস্থার হিসাব অনুযায়ী, এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ০। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ৬০ কিলোমিটার গভীরে। স্থানীয় ভূকম্পন তীব্রতা স্কেলে হিতাচিওমিয়া শহরে এর মাত্রা ৩ রেকর্ড করা হয়।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দুটি ভূমিকম্পের কোনোটির কারণেই সমুদ্রে সুনামি সৃষ্টি হয়নি। পাশাপাশি তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে অবস্থানের কারণে জাপানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতেও পূর্ব জাপানের বিভিন্ন এলাকায় একাধিক ভূমিকম্প হয়েছে।

এর আগে ১ অক্টোবর উত্তর পূর্ব চিবায় ৫ দশমিক ১ মাত্রার এবং ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এছাড়া ২৩ আগস্ট একই অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানী টোকিওতে অন্তত ৪০ জন আহত হন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970