মার্কিন সাংবাদিককে পিটিয়ে আহত, ইসরায়েলকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পিএম
অধিকৃত পশ্চিম তীরে মার্কিন আলোকচিত্র সাংবাদিক হেইডি লেভিনের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ ধরনের সহিংসতা বন্ধে ইসরায়েলকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।
শনিবার ১৭ অক্টোবর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বিগ্ন। হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
মার্কো রুবিও বলেন, পশ্চিম তীরে এ ধরনের সহিংসতা বন্ধে ইসরায়েলকে বারবার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরে নতুন করে উত্তেজনা কিংবা সংকট সৃষ্টি হোক, তা চান না বলেও উল্লেখ করেন তিনি।
গত বছর ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন করা হলে রুবিও বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অর্থ এই নয় যে প্রেসিডেন্ট বর্তমানে চলমান হামলা ও সহিংসতাকে সমর্থন করেন।
পশ্চিম তীরে জলপাই সংগ্রহের মৌসুম ঘিরে সহিংসতার আশঙ্কাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এ সময় ঐতিহ্যগতভাবে অনেক মানুষ জলপাই সংগ্রহের জন্য বিভিন্ন এলাকায় জড়ো হন। একই ধরনের উদ্বেগ লেবাননেও দেখা দিতে পারে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
গত শুক্রবার ১৬ অক্টোবর অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বার্ষিক জলপাই সংগ্রহের খবর সংগ্রহ করছিলেন মার্কিন আলোকচিত্র সাংবাদিক হেইডি লেভিন। এ সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল তার ওপর এবং কয়েকজন ফিলিস্তিনির ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা এলাকায় ঢুকে লেভিনকে মারধর করে। এ সময় তার পাসপোর্ট, মুঠোফোন, মানিব্যাগ এবং ক্যামেরার সরঞ্জামও নিয়ে যাওয়া হয়।
হেইডি লেভিন জানান, হামলাকারীদের হাতে বোতল ও গুলতি ছিল। প্রায় ১০ মিনিট ধরে তাকে লাথি মারা হয়। এ সময় তিনি নিজের ক্যামেরা ও ব্যাগ আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেন।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। শনিবার ১৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি হামলাকারীদের গ্রেপ্তার, পূর্ণাঙ্গ তদন্ত এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান।
মাইক হাকাবি বলেন, একজন নারী আলোকচিত্র সাংবাদিকের ওপর এ ধরনের হামলা ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড। নিরস্ত্র সাংবাদিককে আক্রমণকারীদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
পশ্চিম তীরে চলমান সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যে মার্কিন সাংবাদিকের ওপর এ হামলা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইসরায়েল কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি