প্রবাসে থেকেও দেশের সংকটে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভীর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর প্রবাসে অবস্থান করেও দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলেও কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতসহ বিভিন্ন জাতীয় সংকটে প্রবাসে থেকেও তারেক রহমান নিয়মিত নির্দেশনা দিয়েছেন এবং মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনের কঠিন সময়েও সংগঠনটি তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে অনলাইনে বিজ্ঞান প্রদর্শনীসহ বিভিন্ন ব্যতিক্রমী কর্মসূচি পরিচালনা করেছে।

রিজভী জানান, দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসাসেবা দেওয়ার মতো নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এসব উদ্যোগের মাধ্যমে অনেক মানুষকে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করা হচ্ছে।

এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক চিকিৎসক ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খানসহ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970