প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে উঠলেন তরুণী, নামলেন ভিডিও কলে বিয়ের পর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পিএম
প্রেমিককে বিয়ের দাবিতে ভারতের উত্তর প্রদেশে ১০০ ফুট উঁচু একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন ১৯ বছর বয়সী এক তরুণী। প্রায় চার ঘণ্টার উৎকণ্ঠা ও নানা নাটকীয়তার পর ভিডিও কলে প্রেমিকের সঙ্গে বিয়ে সম্পন্ন হলে অবশেষে টাওয়ার থেকে নিচে নেমে আসেন তিনি।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বাহরাইচ জেলায়। জিও নিউজের বরাতে জানা যায়, তরুণীর নাম সাহিবা বেগম, যিনি মেহাক নামেও পরিচিত। ২১ বছর বয়সী নূরউদ্দিন নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। দুজনই বিয়ে করতে চাইলেও পরিবারের সদস্যরা তাদের সম্পর্ক মেনে নিচ্ছিলেন না।
এ নিয়ে মায়ের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে বাড়ির পাশের ১০০ ফুট উঁচু একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন মেহাক। টাওয়ারের ওপর থেকে তিনি জানিয়ে দেন, প্রেমিক নূরউদ্দিনের সঙ্গে বিয়ে না দিলে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন।
ঘটনার সময় নূরউদ্দিন কাজের প্রয়োজনে প্রায় এক হাজার কিলোমিটার দূরে মুম্বাইয়ে অবস্থান করছিলেন। খবর পেয়ে স্বজন, গ্রামবাসী, নারী পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ সময় ধরে তাকে বুঝিয়ে নিরাপদে নিচে নামানোর চেষ্টা করা হলেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন মেহাক।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে স্থানীয় এক মুসলিম কাজীর উপস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে মেহাক ও নূরউদ্দিনের নিকাহ সম্পন্ন হয়। মুম্বাই থেকে অনলাইনে বিয়ের আনুষ্ঠানিকতায় যুক্ত হন নূরউদ্দিন।
বিয়ে সম্পন্ন হওয়ার পর টাওয়ার থেকে নিচে নামতে রাজি হন মেহাক। পরে নারী পুলিশ সদস্যরা তাকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। এতে ঘটনাস্থলে উপস্থিত স্বজন ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।
ঘটনার পর পুলিশ মেহাক ও তার পরিবারের সদস্যদের থানায় নিয়ে যায়। সেখানে পারিবারিক বিরোধের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় কাউন্সেলিং করা হয়। আনুষ্ঠানিকতা শেষে তরুণীকে তার মায়ের সঙ্গে নিরাপদে বাড়িতে পাঠানো হয়।
সূত্র: জিও নিউজ