রূপকথার গল্প এবার বাস্তবে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পিএম
রূপকথার গল্পে সোনার রাস্তার কথা শোনা গেলেও বাস্তবে এমন দৃশ্য এত দিন ছিল কল্পনার জগতে। এবার সেই কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটির গোল্ড ডিস্ট্রিক্টে বিশ্বের প্রথম সোনার রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের শেষ নাগাদ পর্যটকেরা দেখতে পাবেন এই ব্যতিক্রমী আকর্ষণ।
সোনার গয়না, বিস্কুট ও বারসহ বিভিন্ন ধরনের সোনার সামগ্রীর সঙ্গে পরিচিত বিশ্ববাসী। সোনা দিয়ে তৈরি বিলাসবহুল পণ্যও রয়েছে বিভিন্ন দেশে। তবে এবার আলোচনায় এসেছে সোনার রাস্তা তৈরির উদ্যোগ। প্রকল্পটি বাস্তবায়িত হলে তা পর্যটন খাতে নতুন আকর্ষণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টে নির্মাণের পরিকল্পনা করা এই রাস্তার মূল ভাবনায় রয়েছে ২৪ ক্যারেট খাঁটি সোনা। তবে রাস্তা তৈরির নির্মাণকৌশল, এতে কী পরিমাণ সোনা ব্যবহার করা হবে এবং এর কাঠামো কেমন হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্বর্ণবাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত দুবাই। সোনার বাজার, গয়নার বিপণি এবং আন্তর্জাতিক বাণিজ্যের কারণে দীর্ঘদিন ধরেই শহরটি পর্যটকদের কাছে আকর্ষণীয়। সেই পরিচিতিকে আরও শক্তিশালী করতে গোল্ড ডিস্ট্রিক্টে নেওয়া হচ্ছে এই ব্যতিক্রমী উদ্যোগ।
সংশ্লিষ্টদের আশা, সোনার রাস্তা তৈরি হলে দুবাইয়ে পর্যটকদের আগ্রহ আরও বাড়বে। পাশাপাশি শহরটির স্বর্ণবাণিজ্য ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য এটি নতুন দর্শনীয় স্থানে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে রূপকথার সোনার রাস্তা বাস্তবে ঠিক কেমন হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। প্রকল্পটির নির্মাণপদ্ধতি, কাঠামো ও উদ্বোধনের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হলে এর বাস্তব চিত্র আরও স্পষ্ট হবে।