পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, গর্ভবতী নারীসহ নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পিএম
পাকিস্তানের সিন্ধু প্রদেশের থারপার্কার জেলায় একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক গর্ভবতী নারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।
বুধবার (২৮ অক্টোবর) রাতের শেষভাগে নাগোরপারকার তহসিলের দানো দানধাল গ্রামের একটি স্বাস্থ্যকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ এর থারপার্কার অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে স্বাস্থ্যকেন্দ্রে এক রোগীকে অ্যাম্বুলেন্সে তোলার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে মিঠী ও নাগোরপারকারের হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে স্বাস্থ্যকেন্দ্রের কয়েকজন কর্মীও রয়েছেন। আগুনে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মরদেহ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ঘটনার খবর পেয়ে নাগোরপারকার তহসিলের সহকারী কমিশনার ইরাম করিম, রেসকিউ ১১২২ এর কর্মী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।
এদিকে, বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। পাকিস্তানে দুর্বল অবকাঠামো, যানবাহন চলাচলে অব্যবস্থাপনা, ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না করা এবং নিরাপত্তা সচেতনতার ঘাটতি সড়ক ও পরিবহন দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে থাকে।