ছাতা মাথায় কক্সবাজারে প্রধানমন্ত্রী, স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:২০ পিএম
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে ভারী বৃষ্টির মধ্যেই তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। বৃষ্টির কারণে ছাতা মাথায় নামলেও তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
দিনব্যাপী প্রায় ১২ ঘণ্টার এ সফরে প্রধানমন্ত্রী ১১টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার আগমনকে কেন্দ্র করে কক্সবাজারজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয়েছে বর্ণিল সাজে, আর প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত সমুদ্র তীরবর্তী জনপদ।
সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে সরাসরি পিএমখালী এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। পরে স্থানীয় জনগণের উদ্দেশে এক পথসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।
এরপর প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন। সেখান থেকে মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
সফরের পরবর্তী ধাপে তিনি পেকুয়ায় যাবেন। সেখানে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।
বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ জনসভাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জনসভা শেষে তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত এলাকা পরিদর্শন করবেন। সফরের শেষ দিকে হোটেল লং বিচ অডিটরিয়ামে আয়োজিত একটি সুধী সমাবেশেও অংশ নেবেন।
সব কর্মসূচি শেষে রাত প্রায় ১০টার দিকে আকাশপথে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পুরো কক্সবাজারে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে স্থানীয় জনগণের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিন পর এমন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে নতুন প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে দেশের প্রধান পর্যটন নগরী।