জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:৪৮ এএম

ছবি: সংগৃহীত

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত বহুল প্রতীক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরটির উদ্বোধন করেন। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে রূপান্তর করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। জাদুঘরটির নির্মাণকাজ সম্পন্ন করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকার।

জানা গেছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই গণঅভ্যুত্থান। পরবর্তীতে আন্দোলন দমনে তৎকালীন সরকারের কঠোর অবস্থান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, গুলিবর্ষণ, প্রাণহানি, গণগ্রেপ্তার এবং দমন-পীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্দোলন দেশব্যাপী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নেয়।

এই আন্দোলনে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, পেশাজীবীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ এবং বিভিন্ন স্থানে আকাশপথ থেকে গুলি চালানোর অভিযোগ দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

টানা ৩৬ দিনের আন্দোলনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ব্যাপক সহিংসতা ও বহু হতাহতের ঘটনার মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একই সঙ্গে প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয় এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। অনেকের মতে, এই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষ, ভোটাধিকার, সুশাসন এবং নাগরিক অধিকার নিয়ে মানুষের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সারা দেশে রাষ্ট্রীয় মর্যাদায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী বিভিন্ন সংগঠনও পৃথক কর্মসূচি পালন করছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970