যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, এনবিআরের দুই কর্মী সাময়িক বরখাস্ত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার ১৭ অক্টোবর নিজ নিজ দপ্তর থেকে জারি করা পৃথক অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।

বরখাস্ত হওয়া দুই কর্মী হলেন জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জাহাঙ্গীর আলম এবং উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে কর্মরত অফিস সহায়ক মো. নুর মোহাম্মদ।

এর আগে শুক্রবার ঢাকার কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাঁচ সরকারি কর্মচারীসহ সাতজনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের এই দুই কর্মীও ছিলেন।

গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২টি শূন্যপদে নিয়োগের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী।

নির্ধারিত সূচি অনুযায়ী, ওই দিন বেলা ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে সকাল ১০টা ৩ মিনিটে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশ্নফাঁসের অভিযোগের বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এসআরবি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970