দেশের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম
দেশের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তথ্য কমিশনের নতুন প্রধান হিসেবে তার নিয়োগের মধ্য দিয়ে দেশে এই পদে প্রথমবারের মতো কোনো নারী দায়িত্ব পেলেন।
একই সঙ্গে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
শনিবার ১৭ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি।
প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য অধিকার আইন ২০০৯ এর ১৫ ধারার ১ উপধারা অনুসারে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন।
এতে আরও বলা হয়েছে, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা সরকার নির্ধারণ করবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।