পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, ২ পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:১৫ পিএম
দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টায় দুই পক্ষ এক হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সরকারের কাছে পরিষ্কার গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান অভিযোগ করেন, পলাতক স্বৈরাচার শ্রমিক অসন্তোষ তৈরির জন্য অর্থ সরবরাহ করছে। নির্বাচনের আগে জনগণের কাছে বিভিন্ন টিকিট বিক্রির চেষ্টা করা কয়েকটি দলও এই তৎপরতার সঙ্গে যুক্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
শ্রমিক অসন্তোষের পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের কাছে পরিষ্কার গোয়েন্দা তথ্য রয়েছে। তার দাবি, একটি পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ দিচ্ছে, আরেকটি পক্ষ দেশের ভেতরে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, নিরাপত্তা জোরদার, বন্ধ কলকারখানা চালু এবং কৃষকদের স্বাবলম্বী করে গড়ে তুলতে কাজ করছে। শ্রমিকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে কয়েকটি দল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের এসব উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারেক রহমান।
এর আগে জনসভায় মঞ্চে উঠে রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির কাছে মুঠোফোনে আর্থিক সেবার মাধ্যমে একযোগে ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ করেন প্রধানমন্ত্রী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে জনসভাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান।
জনসভায় আরও বক্তব্য দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।