কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্তি, দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

কম্বোডিয়ার রাজধানী নমপেনের অভিবাসন আটক কেন্দ্র থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন ৩০ বাংলাদেশি। অনলাইন প্রতারণার কাজে বাধ্য করার অভিযোগ থাকা একটি চক্রের কবল থেকে পালানোর পর দেশে ফেরার পথে তাদের আটক করা হয়েছিল।

মঙ্গলবার ২০ অক্টোবর দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩২১ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশে নমপেন বিমানবন্দরে গেলে ৩২ বাংলাদেশিকে আটক করে কম্বোডিয়ার অভিবাসন পুলিশ। পরে তাদের মধ্যে দুজন মুক্তি পেলেও বাকি ৩০ জন দেশটির অভিবাসন আটক কেন্দ্রে বন্দি ছিলেন।

দেশে ফেরা বাংলাদেশিরা হলেন হারুন অর রশীদ, আব্দুল ওয়াদুদ, তারলিব হাসান তিতুল, সুমিত চন্দ্র দাস, রাকিব হোসেন, বাপ্পি দাস, লাবণ শেখ, আবদুর রহমান, বিল্লাল হোসেন, মো. মোস্তফা, নূর নবী, ইমন আলী, বারকাতুল্লাহ, রুবেল মিয়া, আলী আহমেদ, জাহিদুল ইসলাম, শামসুল আলম, আবদুর রহমান, আবু জাহের সবুজ, শাওন, নাহিদ ঢালি, রাজু হোসেন, তৈয়ব আলী শেখ, সাইমন ভূইঁয়া, মো. রাশেদুল, আকাশ আহমেদ, শিমুল আলী, আশিকুর রহমান, আলামিন পিকে ও মোহাম্মদ কবির।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে দালাল চক্রের মাধ্যমে এসব বাংলাদেশিকে কম্বোডিয়ায় নেওয়া হয়েছিল। সেখানে পৌঁছানোর পর তাদের জোর করে সাইবার প্রতারণা বা অনলাইনে প্রতারণামূলক কর্মকাণ্ডে যুক্ত করা হতো। এসব কাজ থেকে পালানোর চেষ্টা করলে তাদের নির্যাতনের শিকার হতে হতো বলে জানা গেছে।

কম্বোডিয়া সরকার নির্ধারিত প্রক্রিয়ায় জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ দিলে ওই বাংলাদেশিরা ফেরার জন্য নাম নিবন্ধন করেন। সে অনুযায়ী গত ৩ সেপ্টেম্বর তারা নমপেন বিমানবন্দরে যান। তবে অভিবাসন যাচাইয়ের সময় অবৈধভাবে অবস্থানসহ বিভিন্ন জটিলতার কারণে তাদের আটক করা হয়।

আটক বাংলাদেশিদের মুক্তি এবং দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা নিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিবকে চিঠি দেওয়া হয়।

বোর্ডের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আটক ব্যক্তিদের মুক্তি ও দেশে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। পরে ধাপে ধাপে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার দেশে ফেরেন ৩০ বাংলাদেশি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970