কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তি সভাপতি বাকেরকে হত্যার হুমকি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:২১ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বাকের মজুমদারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাড়ির পাশে কাফনের কাপড়, আতর, লোবান ও হুমকিমূলক চিরকুটসহ একটি বাক্স রেখে গেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা।
সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে আবু বাকের মজুমদারের বাড়ির পাশে বাক্সটি রেখে যাওয়া হয় বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
বাক্সে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মি. বাকের মজুমদার, তুই বঙ্গনেত্রীকে হত্যার জন্য স্নাইপার রাইফেল দিয়ে কী করিয়েছিস, জাতি আজ বুঝতে পেরেছে। তাই তোকে শেষ সংবাদ দিচ্ছি, মৃত্যুর জন্য প্রস্তুত হও।’
চিরকুটে আরও লেখা ছিল, ‘কিছু মসলা দিয়েছি, বুঝে নিস। তোর পুরো এলাকা জ্বালিয়ে দেব। তোকে কবরে পাঠাব। তাই হবে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’
এ ঘটনায় বরুড়া উপজেলা এনসিপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে আবু বাকের মজুমদার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির বিবৃতিতে বলা হয়, ভয়ভীতি কিংবা সহিংসতার মাধ্যমে জুলাইয়ের চেতনা ও গণতান্ত্রিক রাজনৈতিক অবস্থান দমিয়ে রাখা যাবে না। যেকোনো হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনসম্মত ও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজনীতি হতে হবে যুক্তি, আদর্শ ও জনগণের সমর্থনের ভিত্তিতে।
হত্যার হুমকির বিষয়ে আবু বাকের মজুমদার বলেন, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং বাড়ির পাশে দাফনের কাপড় রেখে গেছে। জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা হত্যার হুমকি দিয়ে কোনো লাভ হবে না। তারা বুলেটের সামনে লড়াই করে বিজয়ী হয়েছেন। পরাজিত শক্তিকে বাংলাদেশের মানুষই রুখে দেবে।
থানায় অভিযোগের বিষয়ে আবু বাকের জানান, এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে বিষয়টি অবগত করেননি। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে ভাবছেন।
আবু বাকেরের বড় ভাই আবু বকর সজিব জানান, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাড়ির পাশে বাক্সটি রেখে যায়। সকালে বাক্সটি খুলে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাওয়া যায়।
তিনি জানান, ঘটনাস্থলের ছবি ও ভিডিও বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ করা হয়নি।
এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, তার হোয়াটসঅ্যাপে কিছু ছবি ও ভিডিও এসেছে। তবে কে বা কারা সেগুলো পাঠিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।