মাত্র ১৭ মাসে কোরআনের ৩০ পারা মুখস্থ, হাফেজ হলেন ১১ বছরের রাকিব
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:১০ পিএম
মাত্র ১৭ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছে ১১ বছর বয়সী কিশোর মোহাম্মদ রাকিবুল ইসলাম। গত ২০ নভেম্বর পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করে সে।
রাকিবুল রাজধানীর জামিয়াতুন নুরের শিক্ষার্থী। তার বাবা মোহাম্মদ নবি হুসেন। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার তেরতোপ গ্রামে।
রাকিবুলের হিফজের শিক্ষক হাফেজ মাওলানা ইব্রাহিম খান। শিক্ষকের নিবিড় তত্ত্বাবধান, নিজের একাগ্র সাধনা এবং পরিবারের সহযোগিতায় মাত্র ১৭ মাসেই সম্পূর্ণ কোরআন মুখস্থ করার এই সাফল্য অর্জন করে সে।
রাকিবুলের এমন কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন জামিয়াতুন নুরের অধ্যক্ষ মাওলানা নাজমুল হাসান কাসেমী। তিনি রাকিবুলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ ধারণ করে সে যেন একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।