বিএনপি ভায়োলেন্স বেছে নিলে এনসিপিও একই পথে হাঁটবে: আসিফ মাহমুদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:৪১ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সহযোদ্ধাদের ওপর হামলা হলে তারা আর নীরব থাকবেন না, বরং পাল্টা কঠোর অবস্থান নিতে বাধ্য হবেন।
শুক্রবার (২২ মে) বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে প্রায় দেড় হাজার মানুষের এনসিপিতে যোগদান উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, “সরকারি দল যদি ভায়োলেন্স চায়, সেটা আমাদের চেয়ে ভালো আর কেউ পারবে না—এটা আমরা ২৪-এর গণঅভ্যুত্থানেই দেখিয়ে দিয়েছি। আমাদের সহযোদ্ধাদের ওপর যারা হামলা করেছে, তাদের আজ রাতের মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয়, আর যদি আপনারা ভায়োলেন্স বেছে নেন, তাহলে আমরাও বাধ্য হয়ে একই পথ বেছে নেব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়েও দেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা নারীদের নিরাপত্তাহীনতার ইঙ্গিত দিচ্ছে।
তিনি আরও বলেন, এসব ঘটনার মাধ্যমে স্পষ্ট হচ্ছে নারীদের নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।